যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন বা সমঝোতার কোনো সম্ভাবনা দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। ডা. জাহেদ উর রহমান বলেন, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, একটি দল গুরুতর অপরাধ করেছে, কিন্তু এ নিয়ে তাদের কোনো অনুতাপ নেই। ড. মুহাম্মদ ইউনূস ও ববি হাজ্জাজের সঙ্গে তারা কী আচরণ করেছে, সেই প্রশ্নও তোলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ক্ষমা চাওয়ার পরিবর্তে সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ইতোমধ্যে ভারতকে অনুরোধ করা হয়েছে। তিনি দেশে ফিরলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধের বিচার হওয়া উচিত উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই তার বিচার প্রয়োজন।
এদিকে ভারতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশ না নেওয়ার বিষয়েও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য কোনো কাজ থাকতে পারে, সে কারণে হয়তো তিনি বৈঠকে যাননি। তবে স্বরাষ্ট্রসচিব বৈঠকে অংশ নিয়েছেন। তাই এ বিষয়টি নিয়ে অন্য কিছু ভাবার সুযোগ নেই।