ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর। সোমবার রাতে ঘরের মাঠে উজবেকিস্তানের ক্লাব নেফতচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। এ ম্যাচে গোল করে ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১। ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল-নাসর। নয় মিনিট পর আইমান ইয়াহিয়ার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফতচি ফেরগানা। তবে ৬৫ মিনিটে ইক্রোমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। ৭৮ মিনিটে আনভারজন গফুরভের আত্মঘাতী গোলে আল-নাসরের জয় নিশ্চিত হয়। এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে হেরেছিল আল-নাসর। দ্বিতীয় ম্যাচে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়াল দলটি।
আল-নাসরের হয়ে ১৫১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ১২৮। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন আরও ১৯টি গোল।