ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী বিথী আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। এ ঘটনায় নিহতের স্বামী মো. মজনু রাজাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় বিথী আক্তারকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মজনু রাজা আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।