রাতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিক সমান অধিকার ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। এক্ষেত্রে ধর্ম, বর্ণ বা লিঙ্গভেদে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। এমনকি ভিন্ন ধর্মের অনুসারী হওয়ার কারণে কারো ওপর কোনো ধরনের নিপীড়ন চালানো যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
পরিদর্শনকালে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা করেছে। একজন ব্যক্তি ভিন্ন ধর্মের হলেও তিনি রাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করবেন।
পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, অন্যান্য সময় শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে প্রতিমা ভাঙচুর বা সনাতন ধর্মাবলম্বীদের বাধা দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যেত। তবে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, যা অত্যন্ত স্বস্তিদায়ক।
দেশে চমৎকার সামাজিক মেলবন্ধন বজায় রয়েছে উল্লেখ করে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরো বলেন, বাংলাদেশে একটি সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে এবং সব ধর্মের মানুষ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছেন।
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।