বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ২১ জেলেকে আটক করেছে নৌপুলিশ। মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে তাঁদের আটক করা হয়।
জানা যায়, সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দিনভর মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে হিজলা নৌপুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মেঘনা নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নৌপুলিশের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নিয়মিত টহলও অব্যাহত রয়েছে।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াছিনুল জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।