শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসে ভূমিসংক্রান্ত ও ভূমি অফিস কেন্দ্রিক কাজ করে দেওয়ার কথা বলে প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে DLRMS প্রকল্পের সাবেক কম্পিউটার অপারেটর নূর মোহাম্মদের বিরুদ্ধে। সরকারি অফিসে দীর্ঘদিন অবস্থান করে টাকা নেওয়ার সুযোগ কীভাবে তৈরি হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।
অভিযোগকারীরা জানান, ২০১৬ সালে প্রকল্পের আওতায় নূর মোহাম্মাদ ওই অফিসে কাজ শুরু করেন। প্রকল্পের মেয়াদ ২০১৮ সালে শেষ হলেও তিনি প্রায় আট বছর সেখানে অবস্থান করে জমিজমা ও ভূমি অফিসের কাজ করে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিতেন। সরকারি অফিসে কম্পিউটারসহ দাপ্তরিক সুবিধা ব্যবহারের কারণে অনেকে তাকে বিশ্বাস করে টাকা দেন। পরে টাকা নিয়ে তিনি চলে যান বলে অভিযোগ।
ভুক্তভোগীদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কীভাবে সরকারি অফিসে ছিলেন, সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
নূর মোহাম্মদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান জানান, নূর মোহাম্মদের প্রকল্পের মেয়াদ প্রায় আট বছর আগেই শেষ হয়েছে। কর্মচারী সংকট ও আগের কর্মকর্তাদের সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে তিনি শুরুতে তাকে অফিস থেকে সরাননি। পরে তার কার্যক্রম সন্দেহজনক মনে হলে অফিস ছাড়তে বলা হয়। তিনি আরও তিন মাস সময় চান। পরে ভারপ্রাপ্ত ইউএনও তাকে অফিস থেকে বের করে দেন।
আনিছুর রহমান বলেন, পরে তিনি জানতে পারেন, নূর মোহাম্মদ অনেকের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি।