ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে অবস্থিত ভাষাশহীদ আব্দুল জব্বার প্রতিবন্ধী বিদ্যানিকেতনের চলমান কার্যক্রম, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বনির্ভরতা এবং আবাসিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মজহারুল হক। এতে ফারুক আহমেদ, জালাল উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের বর্তমান অবস্থা পর্যালোচনার পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীরা যাতে নিজেদের দৈনন্দিন কাজ করতে পারে এবং শরীরচর্চার সুযোগ পায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বিদ্যালয়ে আবাসিক বা বোর্ডিং ব্যবস্থা চালুর দাবি ওঠে। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের সুবিধা চালু হলে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও পরিচর্যার সুযোগ আরও বাড়তে পারে।
এ সময় গফরগাঁওয়ের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠানটির উন্নয়নে সহযোগিতার আহ্বান জানানো হয়। পাশাপাশি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও এলাকার দানশীল ব্যক্তি ও সমাজের বিত্তবানদের বিদ্যালয়টির পাশে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়।
সভায় শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়েও আলোচনা হয়। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও উপস্থিত ব্যক্তিরা তাঁদের মতামত তুলে ধরেন। ফারুক আহমেদ ও জালাল উদ্দিনসহ অভিভাবকেরা বিদ্যালয়ে বোর্ডিং ব্যবস্থা চালুর পক্ষে মত দেন।
সভায় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটিকে আধুনিক ও আদর্শ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সহযোগিতা কামনা করেন।