স্পেনের ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। রিয়াল মাদ্রিদের রেফারিংবিষয়ক প্রচারণাকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাস্তির মুখেও পড়তে পারেন তিনি।

তেবাসের মন্তব্যের বিরুদ্ধে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) দেশটির স্পোর্টস ট্রাইব্যুনালে (টিএডি) অভিযোগ পাঠিয়েছে। তাঁর বক্তব্য ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতা রক্ষাসংক্রান্ত আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ঘটনার সূত্রপাত গত ১৬ অক্টোবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ৬৪ বছর বয়সী তেবাস অভিযোগ করেন, রিয়াল মাদ্রিদ নিজেদের টেলিভিশন চ্যানেল ও মুখপাত্রদের মাধ্যমে রেফারিং নিয়ে পরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে। তাঁর মতে, সন্দেহ তৈরি করা, অপমানের পুনরাবৃত্তি এবং প্রতিপক্ষকে চিহ্নিত করার এ কৌশল গোয়েবলসের প্রচারপদ্ধতির কথা মনে করিয়ে দেয়।

লা লিগা সভাপতির এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় রিয়াল মাদ্রিদ। ক্লাবটি তাঁর পদত্যাগ দাবি করে। স্পেনের ক্রীড়া আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে তেবাসের বিরুদ্ধে সতর্কবার্তা, অর্থদণ্ড কিংবা সাময়িক নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তেবাস। তাঁর দাবি, প্রচারকৌশল বোঝাতেই তিনি গোয়েবলসের প্রসঙ্গ টেনেছেন। রিয়াল মাদ্রিদ সমর্থক কিংবা ক্লাবটির মূল্যবোধকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। পাল্টা বক্তব্যে রিয়াল মাদ্রিদের নিজস্ব টেলিভিশন চ্যানেলে রেফারিং নিয়ে প্রচারণার বিষয়টি সামনে এনে ক্রীড়া কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তেবাসের প্রশ্ন, রেফারিং ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলা কিংবা লিগে কারচুপির অভিযোগ তোলার ক্ষেত্রেও ক্রীড়াঙ্গনের শালীনতা ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত কি না।

এ ঘটনায় স্প্যানিশ ফুটবলে লা লিগা কর্তৃপক্ষ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিরোধ আরও তীব্র হয়েছে। তবে তেবাসের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।