বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী সোমবার লন্ডনে অনুষ্ঠেয় এই আয়োজনে আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে দেখতে চান আয়োজকেরা। তবে ব্যস্ত সূচি ও টানা ভ্রমণের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেসি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ শেষ হওয়ার পরই লন্ডন সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা শনিবার।
এর আগে শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরের কাম্পোআমোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করেন মেসি। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রে ফেরার জন্য বিমানে ওঠেন তিনি।
অল্প সময়ের ব্যবধানে স্পেন, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে যাতায়াত করতে হলে মেসিকে দীর্ঘ ভ্রমণের ধকল সামলাতে হবে। এ কারণে ইন্টার মায়ামির ম্যাচের পর আবার আটলান্টিক পাড়ি দিয়ে লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
সব মিলিয়ে সোমবারের অনুষ্ঠানে মেসির উপস্থিতি নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে আয়োজক ও ভক্তদের। শনিবার ইন্টার মায়ামির ম্যাচের পরই এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত জানা যেতে পারে।