দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬ নং দৌলতপুর ইউনিয়নে ছানি পড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের জন্য ‘ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ফ্রি চক্ষু শিবির’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দৌলতপুর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চক্ষু শিবির পরিচালিত হয়। রংপুর দর্শনার ‘দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল’-এর সার্বিক ব্যবস্থাপনায় এই ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়।
এলাকার বিপুলসংখ্যক প্রান্তিক ও চোখের নানা সমস্যায় ভোগা মানুষ সকাল সাড়ে ৯টার মধ্যেই চক্ষু শিবিরে উপস্থিত হন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে বাছাইকৃত ছানি পড়া রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অপারেশন করা রোগীদের যাতায়াত, থাকা ও খাওয়ার যাবতীয় খরচও বহন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি মো. নাজমুল হক নাজিম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি ফিতা কেটে ও চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
দৌলতপুর ইউনিয়নের সমাজসেবক এবং উপজেলা বিএনপির সদস্য মো. আবু কাওসার হেলালের সার্বিক সহযোগিতায় এই চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৬ নং দৌলতপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে এলাকার অবহেলিত মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। ছানি পড়া রোগীদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।