২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ তৃতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর)। এ ধাপে আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ধাপই হবে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বশেষ আবেদনপর্ব। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ভর্তি-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদনের সুযোগ পাবেন যারা
যেসব শিক্ষার্থী এখনো আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা নির্বাচিত হয়েও ভর্তি নিশ্চায়ন করতে পারেনি, তারা এ ধাপে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্বাচনের কারণে পছন্দের কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ থাকছে।
আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। এ সময় কলেজের আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের তৃতীয় ধাপে নতুন করে আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করতে হবে।
ভর্তি ও নিশ্চায়নের সময়সূচি
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩০ অক্টোবর রাতে ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর কলেজে ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।
আগে নির্বাচিত হয়ে নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিনে এ কার্যক্রম করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় আবেদনকারীদের যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। তাই শেষ ধাপে আবেদনকারী শিক্ষার্থীদের সময়সীমা ও নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।