মানিকগঞ্জের ৪২টি কলেজ ও মাদ্রাসার মধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে, সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৩৯ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ৮৭ শতাংশ। তবে এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি।
পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬২ জন। পাসের হার ৮৯ দশমিক ৮৬ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
অন্যদিকে, মোট উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ অর্জনের সংখ্যায় জেলার শীর্ষে রয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ১৯১ জন। পাসের হার ৬৬ দশমিক ২৪ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭০ জন, যা জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ।
জেলা পর্যায়ের ফলাফল অনুযায়ী, এ বছর ৪২টি কলেজ ও মাদ্রাসা থেকে মোট ১০ হাজার ৩৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৯৬৫ জন। জেলায় গড় পাসের হার ৩৮ দশমিক ১৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জেলার মোট জিপিএ-৫-এর মধ্যে ৭০টিই এসেছে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে। অন্যদিকে, পাসের হারে এগিয়ে রয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে জেলার দুই শিক্ষাপ্রতিষ্ঠান আলাদা সাফল্য দেখিয়েছে।