‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ এবং যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক হস্তান্তর করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা এবং নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। সভায় যুব প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসক জিল্লুর রহমান ও আত্মকর্মী কাকলী খাতুন বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে যুব ঋণের চেক এবং যুব কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।