নেত্রকোণায় মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের আওতায় নদীর অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
এ সময় জেলা শহরের বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মগড়া নদীর অবৈধ দখল উচ্ছেদ, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং নদীকে দূষণ ও দখলমুক্ত করে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নদীর দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা এবং নদীর ঐতিহ্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় করণীয় বিষয়গুলো নিয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা মগড়া নদীকে নেত্রকোণার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করে নদীটির অস্তিত্ব রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মগড়া নদীকে দখলমুক্ত করে এর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হলে নদীর নাব্যতা, পরিবেশের ভারসাম্য এবং জনস্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।