নড়াইল সদর পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় একটি বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা বেধে জিম্মি করে ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ক্যামেরাসহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) ভোররাতে পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ভোররাতে ৬-৭ জনের একটি ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-পা বেধে জিম্মি করে বাড়ির বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
বাড়ির মালিক জানান, ভোররাতে ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে তারা ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে যায়।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই বলেন, বিভিন্ন জেলায় বসবাস করা পরিবারের সদস্যরা দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবের জন্য সবার সঙ্গে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির প্রায় সব কক্ষ থেকে এসব মালামাল নিয়ে গেছে।
এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাবে।