নূরানী ডাইংয়ের বিরুদ্ধে মামলা করবে বিএসইসি

Date: 2022-09-28
news-banner

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ আত্মসাৎ ও আর্থিক প্রতিবেদনে কারসাজির দায়ে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও পরিচালক এবং সংশ্লিষ্ট ইস্যু ম্যানেজারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি ঢাকা পোস্টকে বলেন, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার আর্থিক হিসাবে মিথ্যা তথ্য দিয়েছে। আইপিও ফান্ড আত্মসাৎ করেছে। এ কারণে বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন ও ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আইপিওর অর্থ আত্মসাৎ ও আর্থিক প্রতিবেদন নিয়ে জালিয়াতির ওপর ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি তদন্ত করেছে। ডিএসইর তদন্ত রিপোর্টের আলোকে নূরানী ডাইং, উদ্যোক্তা-পরিচালক, সংশ্লিষ্ট ইস্যু ম্যানেজার, নিরীক্ষক ও আইপিও ফান্ড ব্যবহার নিয়ে প্রতিবেদনে সত্যায়িত করা নিরীক্ষকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিভিন্নভাবে প্রতারিত করা ও প্রতারণার কাজে সহযোগিতা করায়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ১৭ এর (এ), (বি), (সি) ও (ডি) লঙ্ঘন হয়েছে। এ জন্য কমিশন এনফোর্সমেন্ট অ্যাকশন ও ফৌজদারি মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএসইসির তথ্য মতে, নূরানী ডাইংয়ের ২০১৬ ও ২০১৭ এর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রকাশিত প্রসপেক্টাসে এবি ব্যাংকের প্রদত্ত ঋণ যথাক্রমে ৫৭.২০ কোটি ও ৪২.৯৫ কোটি টাকা উল্লেখ ছিল। কিন্তু ডিএসইর পরিদর্শক ও তদন্ত কমিটির সংগৃহীত ব্যাংক হিসাব অনুযায়ী, ২০১৮ সালে ১৬৮ কোটি ৯৬ লাখ টাকা, ২০১৯ সালে ১৯২ কোটি ৬৮ লাখ টাকা ও ২০২০ সালে ২১৬ কোটি ৪১ লাখ টাকা দায় ছিল। এতে কোম্পানিটির ২০১৬-২০২০ সালের আর্থিক প্রতিবেদনে প্রকৃত আর্থিক অবস্থা গোপন করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

Leave Your Comments