খুনিদের ফাঁসি চাই” — শেরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Date: 2026-05-21
news-banner

তৌহিদুর রহমান,  ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: 

ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। মানববন্ধনে তিনি শোকাহত অবস্থায় কান্নায় ভেঙে পড়েন।

সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুমসহ অনেকে।

বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। একই সঙ্গে দেশে সংঘটিত ধর্ষণ, শিশু হত্যা ও অন্যান্য নৃশংস অপরাধের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নৃশংসতার শিকার হতে না হয়।

Leave Your Comments