কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
'প্রশিক্ষিত তরুণ আগামীর ভবিষ্যৎ' এই স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী পাঠাগার’-এর উদ্যোগে 'ঈদ পুনর্মিলন ও গেট টুগেদার' শনিবার বিকালে পাঠাগার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনের সদস্যরা ছাড়াও জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আগ্রহী দশজন ভাষা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু হাসান (রানা), কৃষিবিদ ড. মোঃ আবু সায়েম, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির (তারা), কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন, প্রভাষক সরকার শামীম আল-মামুন (সবুজ), সহকারী শিক্ষক (অব.), শহিদার রহমান, ঢাকা বেঙ্গল গ্লাস ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, পাঠাগারের দপ্তর সম্পাদক আহসান হাবীব তুহিন, কৃষিবিদ ডা. ফেরদৌস হাসান (জনি), সাংবাদিক জহির রায়হানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পাঠাগার সূত্রে জানা গেছে, এই জাপানি ভাষা কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের সরকারি ব্যবস্থাপনায় জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। আয়োজকরা আরও জানান, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।
পরবর্তীতে সংগঠনের উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে করণীয় নির্ধারণ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়। সবশেষে আপ্যায়ন ও চা-চক্র অনুষ্ঠিত হয়।