প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে লক্ষ্মীপুরের শ্রমিক শক্তির নেতা কারাগারে

Date: 2026-05-31
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন নামের জাতীয় শ্রমিক শক্তির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আনোয়ার হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক। তিনি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে রোববার দুপুরে রায়পুর থানায় মামলা করেন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন।

সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় আনোয়ার হোসেনসহ আটজনকে আসামি করা হয়েছে। মামলায় আনোয়ারের দুই ভাই ইমন হোসেন ও রুবেল হোসেন এবং দীপু নামের আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা চারজনকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আনোয়ার তাঁর ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি ও তাঁর সহযোগীরা বাদীসহ অন্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টারও অভিযোগ আনা হয়েছে।

এর আগে শনিবার রাতে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে বিকেলে রায়পুর শহরে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতা-কর্মীরা।

এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব আলমগীর হোসাইন দাবি করেন, বিএনপির নেতা-কর্মীরা আনোয়ারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। পরে তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রাজনৈতিক মতভেদ থাকলেও একজন রাজনৈতিক কর্মীর ওপর এমন হামলার ঘটনা নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

তবে মামলার বাদী রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে প্রচার করা হয়েছিল। এর কারণ জানতে চাইলে তাঁদের ওপর হামলা চালানো হয়। তবে আনোয়ারের বাড়িতে হামলা বা ভাঙচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন।

Leave Your Comments