নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। শনিবার সকাল(৬ই জুন) ৮ টায় মহাসড়কের উপজেলা পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নয়াগাঁও এলাকায় শনিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান অতিক্রম করার সময় হঠাৎ সেটির একটি চাকা ফেটে (পাংচার) যায়। এতে চালক তাৎক্ষণিকভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। ধাক্কার তীব্রতায় বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ায় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান।। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শামীম বলেন, দুর্ঘটনার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ আমাদের হেফাজতে আছে এবং তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।