আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:
‘পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ হবে ডেঙ্গুর বিস্তার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (৬ জুন) জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি নিজ নিজ বাসা-বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সিভিল সার্জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা। জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গু মশা বিস্তারের প্রধান কারণ। তাই ডেঙ্গু মোকাবিলায় প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।”
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।