মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Date: 2026-06-06
news-banner

নিজস্ব প্রতিনিধি: 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের বাসিন্দা মোছাঃ খাদিজা খাতুনের করা অভিযোগের ভিত্তিতে প্রকাশিত একটি সংবাদে মোঃ মাকছূদুর রহমান, মোঃ মাফুয়ার রহমান ও মোছাঃ হাসিনা খাতুনের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছপালা কেটে ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। উক্ত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্তরা।

প্রতিবাদলিপিতে মোঃ মাকছূদুর রহমান, মোঃ মাফুয়ার রহমান ও মোছাঃ হাসিনা খাতুন জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলমান থাকলেও একটি পক্ষ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে।

তাদের দাবি, সংবাদে যে হামলা, ভাঙচুর ও গাছপালা কাটার অভিযোগ করা হয়েছে, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। বরং পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং তাদের বিরুদ্ধে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে এসব অভিযোগ আনা হয়েছে। তারা আরও বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো লিখিত বিক্রয় চুক্তি বা বৈধ রেজিস্ট্রি সম্পন্ন হয়নি এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণের সুযোগ থাকা সত্ত্বেও মিথ্যা অভিযোগের আশ্রয় নেওয়া হয়েছে।

প্রতিবাদকারীরা জানান, প্রকাশিত সংবাদের কারণে তারা ও তাদের পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এবং তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তারা সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের কাছে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি, তাদের বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Leave Your Comments