রিয়া মনিঃ
গতকাল রাজধানীর উত্তরখান থানার দুবাদিয়া করাইটেক এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরখান থানাধীন দুবাদিয়া করাইটেক এলাকার বাসিন্দা আলী হোসেনের বাড়ির ভেতরে তিতাস গ্যাসের লাইনে লিকেজ হওয়ায় রাতভর গ্যাস জমে ছিল। সকালে বাড়ির গৃহিণী হাসনা হেনা রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
এ সময় আগুনে ঘরের আসবাবপত্র, ল্যাপটপ, তোষক, বালিশসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী পুড়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়ির মালিক আলী হোসেন (৫৫), তার স্ত্রী হাসনা হেনা (৪৫) এবং তাদের মেয়ে আখি (২৮) গুরুতর দগ্ধ হন।
পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।