কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
"মধু মাসের মিষ্টি রসে জুড়াক সবার প্রাণ, বন্ধুদের এ ফল উৎসবে জমবে আড্ডা আর গান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় এসএসসি আমরা'৯৬ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কাউনিয়া কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলার আমরা'৯৬ ব্যাচের বন্ধু-বান্ধবীরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায় পরিচালনা করেন মো. মনিরুজ্জামান মজনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা'৯৬ কাউনিয়ার সভাপতি নুর আলম। এতে প্রধান অতিথি না থাকলেও সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
উপস্থিত ছিলেন আমরা'৯৬ কাউনিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য শহিদুল ইসলাম, জহির রায়হান ও আ. লতিফ, সাধারণ সম্পাদক আবু আহসান সিদ্দিক পল্লব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মলিন চন্দ্র, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সদস্য আশফিকা বুলবুল পেস্তা, আ. গাফফার, জুয়েল, সিপন, এম এ আজিজ, কার্তিক চন্দ্র মহন্ত, সানোয়ার হোসেন ফারুক, সাইফুল ইসলাম, রঞ্জু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে দেশীয় মৌসুমি বিভিন্ন ফল নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ ও আনন্দঘন পরিবেশে ফল উৎসবে অংশ নেন।
এছাড়া অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হলে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এমন মিলনমেলা ও সামাজিক আয়োজনের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয় এবং ভবিষ্যতেও আমরা'৯৬ ব্যাচের উদ্যোগে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।