ব্রাজিল ও নরওয়ের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে পেনাল্টিকে ঘিরে নেইমার জুনিয়র ও নরওয়ের গোলকিপার ওরইয়ান নিল্যান্ডের মধ্যে বাকযুদ্ধের ঘটনা আলোচনায় এসেছে।
ম্যাচের একেবারে শেষ দিকে কাসেমিরো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল।
পেনাল্টি নিতে যাওয়ার আগে নিল্যান্ডের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়েন নেইমার। ব্রাজিলের একটি টিভি অনুষ্ঠানে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিল্যান্ডকে উসকে দিতে নেইমার বলেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? তুমি কোন দিকে চাও?’
এর জবাবে নরওয়ের গোলরক্ষক নিল্যান্ড পাল্টা বলেন, ‘পোস্টে মারো, পোস্টে মারো।’ কথোপকথনের এক পর্যায়ে নেইমার তাকে উদ্দেশ করে বলেন, ‘আমার সঙ্গে এসব চলবে না। আমার সঙ্গে না। বেকুব!’
পরবর্তীতে পেনাল্টি থেকে সফলভাবে গোল করেন নেইমার। তবে ম্যাচের শুরুতে ব্রাজিল একটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। ১৪তম মিনিটে ব্রুনো গিমারাইসের নেওয়া শট ঠেকিয়ে দেন নিল্যান্ড, যা নরওয়ের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুধু পেনাল্টি রুখেই নয়, পুরো ম্যাচজুড়ে একাধিক দৃষ্টিনন্দন সেভ করে নরওয়েকে লড়াইয়ে টিকিয়ে রাখেন নিল্যান্ড। পরবর্তীতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাচ জিতে নেয় নরওয়ে।
২-১ গোলের এই পরাজয়ে ব্রাজিলের শিরোপা খরা আরও দীর্ঘ হয়। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ জয়ের অপেক্ষা এখনও কাটেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।