গাজীপুরের কালীগঞ্জে রাতে নিয়মিত টহল চলাকালে একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় কালীগঞ্জ উপজেলার জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরেক এসআইসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। ঘাতক যানটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
নিহত পুলিশ কর্মকর্তার নাম এসআই মিজানুর রহমান (৩০)। তিনি কালীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। নিহত অপর ব্যক্তি হলেন তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। তাঁদের মধ্যে জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। টহলের একপর্যায়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর এবং চালক রাব্বি।
এ সময় ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে চারজন আহত হন। পরে সহকর্মী পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।
*ঢাকা মেডিকেলে এসআই মিজানুরের মৃত্যু*
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসক এসআই মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। এসআই জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশের বক্তব্য
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রাতে পুলিশের নিয়মিত টহল ডিউটি চলাকালে এ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ির চাপায় পুলিশ সদস্যদের পাশাপাশি এক স্থানীয় ব্যক্তিও আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমান ও ওই স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।