রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমের পাশে একটি সুইচবোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাসপাতালের প্রশাসনিক শাখার পাশে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালটির বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনদের অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ি ও পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহত ব্যক্তিদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।