মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি শামসুলকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার বানিয়াজুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন।
গ্রেপ্তার শামসুল ঘিওর উপজেলার শিমুলিয়া গ্রামের মো. সালামের ছেলে।
মামলার এজাহার ও এসআরবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী নারীর বাবা চা খেতে পাশের বাজারে যান। এ সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। অভিযোগ রয়েছে, রাত সাড়ে ৮টার দিকে শামসুল মোবাইল ফোন দেখানোর কথা বলে তাদের বাড়িতে গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে চলে যান।
পরবর্তী সময়ে ওই নারীর বাবা বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভুক্তভোগী নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ১৩ অক্টোবর ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা করা হয় বলে এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবির কোম্পানি কমান্ডার মেজর এস কে এম সাদমান হোসেন জানান, গ্রেপ্তারের পর আসামি শামসুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘিওর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।