নেপাল-চীনে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ দেড় হাজার

নিজস্ব প্রতিবেদক: নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ হয়েছেন। এর মধ্যে নেপালেই মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়েছে। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৮২৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জন বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। উদ্ধার অভিযান জোরদার হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, চীনের তিব্বতের জিরোং কাউন্টিতে মোট ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে প্রায় ২০০ জন বিদেশি নাগরিক।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত জানান, দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ভারত থেকে পাঠানো তাঁবু ও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। পাঁচ হাজারের বেশি উদ্ধারকর্মী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, হিমবাহ, বরফ ও পাথর ধসের পর বিপুল পরিমাণ কাদা ও পাথর লেন্দে নদীতে নেমে আসে। এতে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়। সীমান্তবর্তী এলাকা ও গ্রামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে কয়েক মিটার পুরু কাদার স্তর জমেছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

এদিকে কৈলাশ-মানস সরোবর যাত্রায় থাকা বহু তীর্থযাত্রীও দুর্যোগের কবলে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রেকর্ড করা ৪ দশমিক ৪ মাত্রার ভূকম্পনটি মূলত হিমবাহ ধসের প্রতিক্রিয়া হিসেবে দেখা দিয়েছে।

দুর্যোগ মোকাবিলায় যুক্তরাষ্ট্র ৫ লাখ ডলার সহায়তা ও পরামর্শক পাঠানোর উদ্যোগ নিয়েছে। জাতিসংঘও সহায়তা কার্যক্রম শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘটনাকে অত্যন্ত বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন।

উদ্ধারকর্মীরা দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তবে প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার অভিযান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সূত্র: রয়টার্স