ছাদভিত্তিক সৌরবিদ্যুতে নতুন প্রণোদনা, ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এর আওতায় নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন গ্রাহকরা।

এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বাজারদর ও বিদ্যুৎ বিভাগের পাওয়া দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা এবং ১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে কোনো গ্রাহক নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লাভ হিসেবে বিবেচিত হবে।

যারা পাবেন প্রণোদনা

নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা এ বিশেষ প্রণোদনার আওতায় আসবেন।

এ ধরনের গ্রাহকরা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাবেন।

বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ সংরক্ষণ করবে। প্রণোদনাসহ বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। এ অর্থ কোনো অবস্থাতেই নগদে দেওয়া হবে না।

তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপন করা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এ বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।

থাকছে কারিগরি মানদণ্ড

প্রজ্ঞাপনে সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য কিছু কারিগরি মানদণ্ডও নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সব ধরনের যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

এ সংক্রান্ত নীতিগত সহায়তা গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয় থেকে পাবেন।

সরকারের আশা, নতুন এ প্রণোদনার ফলে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে। পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখবে।