মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকার পদ থেকে অব্যাহতি নিয়েছেন রেখা আক্তার। তবে কমিটির বাইরে থেকে সংগঠনের কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।
সম্প্রতি মাধবপুর উপজেলা জাসাসের নবগঠিত কমিটির সদস্যদের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেলেও সেখানে অনুপস্থিত ছিলেন রেখা আক্তার। ওই কমিটির লোকজন সম্প্রতি শুভেচ্ছা জানাতে সংসদ সদস্য এসএম ফয়সল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও তাঁকে দেখা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি মৌখিকভাবে পদত্যাগ করেছেন। গত ২৩ নভেম্বর ফোন করে কমিটির সভাপতি এমএম গউসকে অব্যাহতির বিষয়টি মৌখিকভাবে জানান।
রেখা আক্তার স্থানীয়ভাবে একজন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর ও কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘নায়ক সালমান শাহের মা’ নামেও পরিচিতি পেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততা নিয়ে তার প্রবাসী স্বামীর আপত্তি রয়েছে। তাঁর স্বামী চান না, তিনি সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকুন। অন্যদিকে, রেখা আক্তারের মানুষের জন্য কাজ করা এবং রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ ছিল। তবে ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তনে কোনো ধরনের সমস্যায় পড়ার আশঙ্কা থেকেও তিনি সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানা গেছে। তিনি পর্দার আড়ালে থেকে সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে আগ্রহী।
এ বিষয়ে রেখা আক্তার বলেন, “আমার তো ইচ্ছা ছিল মানুষের জন্য কাজ করার। কিন্তু মেয়ে মানুষ হিসেবে জন্মেছি, স্বামীর আদেশ তো মেনে চলতেই হবে ভাই। যাই হোক, কমিটিতে না থাকলেও আমি আছি। কমিটির বাইরে থেকেও তাঁদের সহযোগিতা করে যাব।”
মাধবপুর উপজেলা জাসাসের সভাপতি এমএম গউস বলেন, “তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে না থাকলেও কমিটির বাইরে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। মূলত তাঁর স্বামী চান না, তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিন। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এদিকে, নবগঠিত উপজেলা জাসাস কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার পরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। কমিটির সদস্যদের কর্মকাণ্ড নিয়ে অনেকে আশাবাদ ব্যক্ত করছেন। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।