সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরি স্কুলের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে আলিমুর জামান শাহিন, সাধারণ সম্পাদক পদে শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক পদে তাপস কুমার ঘোষ এবং কোষাধ্যক্ষ পদে মোঃ হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে উপজেলার ২০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন প্রধান শিক্ষক ও ১৯ জন সহকারী প্রধান শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোহাম্মদ সেলিম। ভোটগ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি ও সদস্যরা। এ সময় উপস্থিত শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
শিক্ষক মহল আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষকদের ঐক্যবদ্ধ রেখে বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।