ঢাকার দোহার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিষিদ্ধ উপাদান মেশানোর দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ‘আল্লাহর দান বেকারি’ ও ‘সীমা মিষ্টান্ন ভাণ্ডারে’ নানা অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠান দুটি অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করছিল। এছাড়া বেকারি পণ্যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ হাইড্রোজ, কাপড়ের রং এবং স্যাকারিন মেশানোর প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত দুটি মামলা দায়ের করেন। এ সময় আল্লাহর দান বেকারিকে ২৫ হাজার টাকা এবং সীমা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটির কাছ থেকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে দোহার উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এবং দোহার থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।