পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।
বক্তব্যে ওবায়দুল্লাহ সালাফী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। সরকার যদি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে পারে।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও লুটপাটের রাজনীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না উল্লেখ করে ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।
পথসভায় আরও বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতারা।