চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালীব বলেছেন, ‘আমাদের একটা ভিসি দেন। আমাদের ক্লাসে যাওয়ার ব্যবস্থা করে দেন।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে তিনি এ দাবি জানান।

আসাদুল্লাহ আল গালীব বলেন, ‘আমাদের ক্যারিয়ারটা যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকে সচল করার সুযোগ দেন। চুয়েটের অচলাবস্থাটা দূর করেন। যতটুকু হোক, এটাই চেষ্টা করেন। সরকারি নীতিনির্ধারকদের কাছে এটাই আমাদের দাবি।’

বিকেল সাড়ে ৩টার দিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্র চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে ‘শরীফুলের ঠিকানা, এই চুয়েটে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

অবস্থান কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, চুয়েটের অচলাবস্থা নিরসনে ঢাকায় আইইবির সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। চুয়েটের অনেক শিক্ষার্থী সচিব পর্যায়েও রয়েছেন। তাঁদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, যাতে বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থার অবসান ঘটে।

যেভাবে অচল হলো চুয়েট

গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে চুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে ২১ সেপ্টেম্বর কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগের দিন রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, কোনো কারণ দর্শানো ছাড়াই শিক্ষার্থীবান্ধব একজন উপাচার্যকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচিতে যুক্ত হন।

গত ১৩ অক্টোবর নতুন উপাচার্য শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় সেখান থেকে বের হন। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে না ফেরার শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে উপাচার্য তাঁর প্রতিবাদলিপিতে এমন কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার কথা অস্বীকার করেন।

টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর চুয়েটে ক্লাস-পরীক্ষা শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা পুরোপুরি কাটেনি। আন্দোলনকারীদের দেওয়া তালা প্রশাসনিক ভবনে খোলা না হওয়ায় বিভিন্ন প্রকল্পের অর্থছাড়, যানবাহনের বিলসহ প্রশাসনিক নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে গত মঙ্গলবার মধ্যরাতে শিক্ষার্থীদের এক সভায় শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ক্যাম্পাসে মিছিল করে তাঁকে ‘বয়কট’ ঘোষণা করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে চুয়েট শিক্ষক সমিতি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে নতুন উপাচার্য নিয়োগের প্রস্তাব দিয়েছে। ফলে দীর্ঘদিন ধরে চলা সংকটের স্থায়ী সমাধান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।