দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে স্মার্ট ডেইরি লিমিটেড। গবাদিপশুর খামার (গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য) ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি রৌপ্য পদক লাভ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে পদক তুলে দেন।

এ সময় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হচ্ছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে।

২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে।

পদক পাওয়ার প্রতিক্রিয়ায় স্মার্ট ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানের খামারে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে গবাদিপশু পালন, উন্নত পরিচর্যা ও পরিকল্পিত খামার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি মানসম্মত দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের ডেইরি ও প্রাণিসম্পদ শিল্পের বিকাশে প্রতিষ্ঠানটির টিম কাজ করছে।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি স্মার্ট ডেইরি লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ সম্মাননা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও খামারের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের ডেইরি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

ভবিষ্যতেও আধুনিক খামার ব্যবস্থাপনা, গুণগত মান ও টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশের ডেইরি শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।