নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির দুটি দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি কার্যালয়ের চেয়ার, ব্যানার ও টিনের কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় বিএনপির এক নেতার দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় খাঁনপুকুর বাজারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় করজগ্রাম বালিয়াপাড়া গ্রামের আতোয়ার রহমান নামে এক বিএনপি নেতা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন শাখার সভাপতি রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার কাশিমপুর ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, বুধবার গভীর রাতে খাঁনপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কার্যালয়ের ছয়টি চেয়ার, ব্যানার, ছামানা ও টিনের কিছু অংশ পুড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে রুহুল আমিনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, একই রাতে গোনা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়েও দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে সেখানে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।