লাখাই উপজেলার মোড়াকরিতে রাতের আঁধারে সড়ক বিভাগের গাছ কাটার অভিযোগে দুটি গাছ আটক করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। ২৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোড়াকরি ১ নম্বর ওয়ার্ডের মেইন রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাছ কাটার ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের সাথে অসদাচরণ করেন আজমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অন্তর্ভুক্ত ওই স্থানে ৮/৯টি বড় ইউক্লিটাস (ক্লিপটার) গাছ রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৪ লাখ টাকা। এর মধ্যে কর্তনকৃত দুটি গাছের মূল্য প্রায় এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির নাম আজমান মিয়া, পিতা মৃত আজিজুল হক, তিনি মোড়াকরি গ্রামের বাসিন্দা।
মোড়াকরি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার মিয়া জানান, গাছগুলো সরকারি জায়গার। কাউকে না জানিয়ে রাতের আঁধারে আজমান মিয়া দুটি গাছ কেটে ফেললে স্থানীয়দের নিয়ে তারা বাধা দেন এবং গাছগুলো আটক করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক বলেন, "এ গাছগুলো সরকারি জায়গার। রাতের আধারে আজমান মিয়া গাছ কেটে পাচারের চেষ্টা করলে আমরা স্থানীয়দের সহায়তায় আটক করি।
অন্যদিকে, অভিযুক্ত আজমান মিয়া দাবি করেন, গাছগুলো তার নিজের এবং এ বিষয়ে তিনি যা ইচ্ছে তাই করবেন। রাতে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি যখন খুশি তখনই কাটব।" এ সময় তিনি মৌখিকভাবে 'ইউএনও স্যারের অফিস' থেকে অনুমতি নেওয়ার দাবিও করেন এবং ঘটনাস্থলে ছবি তুলতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, "গাছ কাটার বিষয়টি আমি অবগত হয়েছি। আপাতত গাছ কাটা বন্ধ রেখে কাটা গাছগুলো সেখানেই সংরক্ষণে রাখতে বলা হয়েছে। পরবর্তীতে মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর সহকারী কমিশনার ভুমি সুহাইব হাসান আখন্দ ও তহশিলদার আবদুল কাইয়ুম কে পাঠিয়ে কর্তনকৃত গাছ গুলি আপাততঃ তহশিলদারের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়টি হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কে অবহিত করা হয়েছে। ঘটনাটি সড়ক বিভাগের আওতাধীন বিধায় আইনগত ব্যবস্থা তারাই নিবেন। এ বিষয়ে হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার বলেন, আমি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে অবগত হয়েছি। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না। এ ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানা গুঞ্জন।