কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৫১ জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর | আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।
টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
দেশে ফেরা জেলেদের মধ্যে পৃথকভাবে আটক হওয়া জেলে রয়েছে। এর মধ্যে এক বছরের কাছাকাছি পর্যন্ত বন্দি থাকা জেলে রয়েছে।
ফিরে আসার জেলেরা অভিযোগ করেন, আরাকান আর্মি জিম্মি করা জেলেদের শারীরিকসহ নানাভাবে ধারাবাহিক নির্যাতন চালিয়েছেন। এমনকি ঠিক মতো খাবার দেয়নি, চিকিৎসা করায়নি।
মুক্ত হওয়া টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০) জানান, আমি প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালা বন্দি ছিলাম।
তিনি বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে আমাদের আটক করে নিয়ে যায়।
প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বার্তা বিচিত্রা কে বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরা জেলেদের যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।