নরসিংদীর মনোহরদী উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবন ও সংরক্ষণ, অনিবন্ধিত পণ্য উৎপাদন ও বিক্রি এবং অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও তিন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর, মনোহরদী পৌরসভা ও লেবুতলা ইউনিয়নে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিটন চন্দ্রকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আল নূর বেকারিতে অনিবন্ধিত পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লেবুতলা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আবুল কালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মনোহরদী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।