নেত্রকোনায় চিকিৎসা বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নেত্রকোনা পৌরসভার জয়েনগর ও হাসপাতাল রোড এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী আইকন মেমোরিয়াল (প্রা.) হাসপাতালকে ১০ হাজার টাকা এবং নিউ দেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিধিমালার ৭(২) অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একই বিধিমালা অনুসরণ করে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাধবী ডায়াগনস্টিক, আল রাজী ডায়াগনস্টিক ও নাবিলা ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন নেত্রকোনার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুর ইসলাম।
অভিযানে নেত্রকোনা থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। এ ছাড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।