আশুগঞ্জে প্রকৌশলী বদলিতেই কি ২০ লাখের সমাধান? নাকি বের হবে অর্থ কেলেঙ্কারির আসল চিত্র?
৭ ইউনিয়নের জন্য ৭০ লাখ টাকা সরকারি বরাদ্দ। অথচ হিসাব দিতে গিয়ে ৫ ইউনিয়নের কথা স্বীকার, বাকি ২ ইউনিয়নের ২০ লাখ টাকার বিষয়ে নীরবতা, আশুগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী পৃথুল ভৌমিকের বদলি হয়েছে শায়েস্তাগঞ্জে। কিন্তু প্রকৃত হিসাব উদঘাটনের আগেই বদলি, এতে কি শেষ হবে ৭০ লাখ টাকার রহস্য? নাকি বদলির পরও বেরিয়ে আসবে সরকারি অর্থের অনিয়মের অজানা চিত্র? এমন প্রশ্ন এখন আশুগঞ্জ জুড়ে।
২০২৫-২০২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ ভবন মেরামতের জন্য ১০ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সরকারি বরাদ্দের তালিকায় রয়েছে আশুগঞ্জ সদর, দুর্গাপুর, তালশহর পশ্চিম, আড়াইসিধা, শরীফপুর, লালপুর ও তারুয়া ইউনিয়ন।
কিন্তু এই বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তৎকালীন উপজেলা এলজিইডি প্রকৌশলী পৃথুল ভৌমিক মুঠোফোনে মাত্র ৫ টি ইউনিয়ন পরিষদ ভবন মেরামতের কথা স্বীকার করেন। তাঁর বক্তব্যে আশুগঞ্জ সদর ও লালপুর ইউনিয়নের নাম আসেনি। অথচ সরকারি তালিকায় এই দুই ইউনিয়নের জন্যও ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা বরাদ্দের তথ্য রয়েছে।
এ নিয়ে গত ৩ নভেম্বর ৭ টির বরাদ্দ, ৫ টির স্বীকারোক্তি, সদর ও লালপুর উধাও, ৫ টিতেই প্রশ্ন? প্রতিবেদনে ৭ টি ইউনিয়নের বরাদ্দের বিপরীতে প্রকৃত কাজের অবস্থা, অর্থ ছাড়, ব্যয়ের হিসাব এবং সংস্কারকাজের মান নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরা হয়েছিল।
আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিকের শায়েস্তাগঞ্জে বদলির খবর সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এই বদলির সঙ্গে সংবাদ প্রকাশের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সরকারি বরাদ্দের তালিকায় আশুগঞ্জ সদর ও লালপুর ইউনিয়নের জন্য ২০ লাখ টাকা থাকলেও প্রকৌশলীর বক্তব্যে এ দুটি ইউনিয়নের মেরামতকাজের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, এই দুই ইউনিয়নের কাজ আদৌ হয়েছে কিনা? বরাদ্দের অর্থ ছাড় হয়েছে কিনা, আর হয়ে থাকলে কীভাবে ব্যয় হয়েছে?
অন্যদিকে, প্রকৌশলী যে ৫ টি ইউনিয়নের মেরামতকাজের কথা স্বীকার করেছিলেন, সেখানেও কাজের মান ও বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিয়ে স্থানীয়দের অসন্তোষ রয়েছে। প্রতিটি ইউনিয়নের জন্য ১০ লাখ টাকা বরাদ্দের বিপরীতে বাস্তবে কতটুকু কাজ হয়েছে, তা সরেজমিনে যাচাই এবং ব্যয়ের নথিপত্র পর্যালোচনার দাবি উঠেছে।
বদলি কি শাস্তি, নাকি তদন্তের অপেক্ষা?
সচেতন মহলের প্রশ্ন, সরকারি ৭০ লাখ টাকার বরাদ্দ নিয়ে এত প্রশ্ন ওঠার পর সংশ্লিষ্ট প্রকৌশলীকে অন্যত্র বদলি করলেই কি দায়িত্ব শেষ? বদলি কোনো আর্থিক অনিয়মের তদন্ত কিংবা জবাবদিহির বিকল্প হতে পারে না। বরং তাঁর দায়িত্ব পালনকালীন ৭ টি ইউনিয়নের বরাদ্দ, অর্থ ছাড়, বিল-ভাউচার, কার্যাদেশ ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ হিসাব যাচাই করা প্রয়োজন।
কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কোন ইউনিয়নে কাজ পেয়েছে, কত টাকা বিল উত্তোলন করেছে, কাজের পরিমাণ ও গুণগত মান কতটুক, এসব তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। কোনো অনিয়ম বা সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।
এ বিষয়ে আগে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছিলেন, তিনি নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। প্রতিবেদকের মাধ্যমে বিষয়টি জানার পর প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।
৭ ইউনিয়নের ৭০ লাখ টাকার বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব কি প্রকাশ করা হবে? আশুগঞ্জ সদর ও লালপুরের ২০ লাখ টাকার প্রকৃত অবস্থান কি বেরিয়ে আসবে? ৫ টি ইউনিয়নে হওয়া কাজের মান ও অর্থ ব্যয়ের স্বচ্ছতা কি যাচাই করা হবে?
প্রকৌশলীর বদলি হয়েছে, কিন্তু ৭০ লাখ টাকার হিসাব এখনো জনসমক্ষে পরিষ্কার নয়। বদলির মধ্যেই কি থেমে যাবে বিষয়টি, নাকি নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে সরকারি অর্থের প্রকৃত চিত্র, সেই অপেক্ষায় আশুগঞ্জের সচেতন মহল।