পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরে বাংলাদেশ থাকবে না, ইন্ডিয়া নিয়ে যাবে’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড দখলের হুমকি দেওয়া প্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থী।

তারা বলেন, অতীতেও বাংলাদেশের জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। ভবিষ্যতেও দেশের ওপর কোনো ধরনের আগ্রাসন বা হস্তক্ষেপের চেষ্টা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ কিংবা দখলের হুমকি দেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

হেফাজতে ইসলামের নেতারা সতর্ক করে বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। তাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা জরুরি।