চট্টগ্রামের ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের টানা কয়েক দিনের অভিযান উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হওয়ার পর রাতভর অভিযান, বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রায়হানের ব্যবহৃত বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শীর্ষ সন্ত্রাসী রায়হান ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ডিবি, ভূজপুর থানা ও হাটহাজারী থানার পুলিশ সদস্যরা সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালান। অভিযানে দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ওই স্থানে রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরির কাজ করত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর পাহাড়ে পালিয়ে যায়।
পুলিশের অভিযানের মুখে নিজেদের অবস্থান অনিরাপদ মনে করে একই দিন সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে রায়হান সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলে করে এলাকা ছাড়ার চেষ্টা করে। সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা গতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। এ সময় স্থানীয়রা রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালক মো. জাবেদ হোসেনকে (২৫) আটক করেন।
এরপর হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবি সদস্যরা ব্যাপক অভিযান শুরু করেন। রাতভর ও পরদিন ২৪ নভেম্বরও অভিযান, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়।
অভিযানের একপর্যায়ে ২৫ নভেম্বর পুলিশ গোপন সূত্রে জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে একই থানার চুরখাঁরহাট বাজারস্থ হাজী নুর আহমেদ সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, উদ্ধারকৃত বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তাঁর জিম্মায় রেখেছিল।
পরবর্তী জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রায়হান সহযোগীদের নিয়ে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিল। তাৎক্ষণিক অভিযানে মহররম আলীকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেখানো মতে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। মহররম আলী জানান, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতে ছিল এবং চলে যাওয়ার সময় অস্ত্র ও গুলিগুলো রেখে যায়।
এ ছাড়া গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে-কে (৬৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা:
মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) এবং মো. জাবেদ হোসেন (২৫)।
উদ্ধারকৃত আলামত:
ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি, পিস্তলের গুলি ২২ রাউন্ড, একনলা বন্দুক ১টি, শটগানের শীসা কার্তুজ ১২ রাউন্ড, শটগানের খালি খোসা ২টি, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং মোটরসাইকেল ১টি।