বরিশালে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন এবং ‘বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)’ বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শুমারি এবং বিএসবিআরের জাতীয় ও জেলা প্রতিবেদন তুলে ধরেন বরিশাল জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সাংবাদিক রবিউল ইসলাম রবি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা জানান, দেশের অর্থনৈতিক কাঠামোর প্রকৃত চিত্র, ব্যবসা-বাণিজ্যের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থানগত তথ্য তুলে ধরতেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪ সালে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালনা করে। সিএপিআই (CAPI) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে পরিচালিত এ শুমারিতে সারাদেশে ৮৭ হাজার ৪১৯টি গণনা এলাকা (EA) গঠন করা হয়। শুমারির মূল তথ্য ও
অর্থনৈতিক ইউনিটে বরিশালে ২০২৪ সালের শুমারি অনুযায়ী দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি (বৃদ্ধির হার ৪৯.৬৮%)। অন্যদিকে, বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি; এর মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী ৬ হাজার ১৯৭টি এবং অর্থনৈতিক খানা রয়েছে ৬০ হাজার ৮৬৮টি। বিগত এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৬২.২৭ শতাংশ।
শুমারি অনুযায়ী দেশে মোট নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, যা ২০১৩ সালে ছিল ২ কোটি ৪৫ লাখ ৮৫০ জন (বৃদ্ধির হার ২৫.০৩%)। মোট জনবলের মধ্যে ৮৩.২৮% পুরুষ (২ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৬৫২ জন), ১৬.৭১% নারী (৫১ লাখ ১৯ হাজার ২৭১ জন) এবং হিজড়া ০.০১% (১ হাজার ৭৩৮ জন)। বরিশাল জেলায় বর্তমানে ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ৩ লাখ ২৬ হাজার ৬৫২ জন পুরুষ এবং ৪৪ হাজার ৯১৮ জন নারী কর্মী।
বরিশাল জেলায় ২৪৯টি বৃহৎ, ৫৭১টি মাঝারি, ৬ হাজার ৪৬টি ক্ষুদ্র, ১ লাখ ৯ হাজার ৭১৮টি মাইক্রো শিল্প এবং ৫৬ হাজার ২৩৫টি কুটিরশিল্প ভিত্তিক অর্থনৈতিক ইউনিট রয়েছে। দেশের মোট অর্থনৈতিক ইউনিটের ৯০.০২ শতাংশই সেবা খাতের অন্তর্ভুক্ত, যেখানে শিল্প খাতের অবদান মাত্র ৯.৯৮ শতাংশ। এর মধ্যে ‘পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত’ খাত সর্বোচ্চ ৪১.৮২ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে।
কর্মশালায় আরও জানানো হয়, শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের একটি নির্ভুল তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদকরণ এবং ‘এন্টারপ্রাইজ’ ও ‘এস্টাবলিশমেন্ট’-এর মধ্যকার ‘প্যারেন্ট-চাইল্ড রিলেশনশিপ’ (Parent-Child Relationship) চিহ্নিত করার লক্ষ্যে বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।