ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ ও ঐতিহ্য তিতাস নদীর তীরকে দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে শুরু হয়েছে বিশেষ বর্জ্য অপসারণ অভিযান। দীর্ঘদিন ধরে নদীর পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে নদীতীরের পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। এ প্রকল্পের আওতায় শহরের শিমরাইলকান্দি গাঁও গেরাম থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত নদীর তীর পরিচ্ছন্ন করা হবে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে শহরের আনন্দবাজার মসজিদঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম (পিপিএম-সেবা), জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তিতাস নদী শুধু একটি জলধারা নয়, এটি ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, ঐতিহ্য ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।
দীর্ঘদিন ধরে নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নদীর স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীর তীর পরিচ্ছন্ন করার এ উদ্যোগের মাধ্যমে তিতাসের পাড় নতুন রূপ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা সরকারি কার্যক্রমের মাধ্যমে নদী দূষণ স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। তিতাস নদীকে রক্ষা করতে হলে স্থানীয় বাসিন্দাসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। ভবিষ্যতে কেউ যাতে নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। পুরো উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পৌরসভার প্রশাসক ও উপসচিব শরিফুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা গেছে, শিমরাইলকান্দি থেকে মেড্ডা শ্মশানঘাট পর্যন্ত নদীর তীর পরিচ্ছন্ন করার এ প্রকল্প বাস্তবায়নে পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৭৭ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে তিতাস নদীর তীর থেকে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও জনস্বাস্থ্যঝুঁকি কমবে। একই সঙ্গে নদীর পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আসবে এবং শহরবাসীর জন্য গড়ে উঠবে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ। তবে এ উদ্যোগের সুফল ধরে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নদীর পাড়ে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।