বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ১৮ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ইউএনওর কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে মোকামতলা ও চণ্ডীহারা বন্দরে আন্ডারপাস নির্মাণ, ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, মহাস্থান সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, বিভিন্ন বাজারের অবৈধ যানবাহন স্ট্যান্ড ও পার্কিং বন্ধ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবি জানানো হয়।

এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিতকরণ, ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার, যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গুরুত্বপূর্ণ স্থানে সড়কবাতি স্থাপনের সুপারিশ করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে নিসচার নেতারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দ্রুত জেব্রা ক্রসিং নির্মাণ জরুরি। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে নিসচা সবসময় প্রস্তুত রয়েছে।

এ সময় সংগঠনের সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।