কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনকে ঘিরে স্থানীয় খামারি ও পোল্ট্রি ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, যাঁদের অংশগ্রহণে এ আয়োজন আরও অর্থবহ হওয়ার কথা, সেই খাতসংশ্লিষ্ট খামারি ও ব্যবসায়ীদের অনেকেই কর্মসূচি সম্পর্কে কিছুই জানতেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুলিয়ারচর উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আরশ মিয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক মন্তব্যে তিনি লেখেন, "এই ব্যবসার সাথে যারা জড়িত তারা কেউ কিছু জানেনা, কিসের প্রাণি সম্পদ সপ্তাহ, আর কিসের কি, যাদের জন্য আয়োজন তারাই কিছু জানে না, সব ভুয়া।"
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার কুলিয়ারচর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন র্যালিতে নেতৃত্ব দেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ইজাজুল হক।
তবে আয়োজনের আনুষ্ঠানিকতা থাকলেও খাতসংশ্লিষ্টদের অংশগ্রহণ ও অবহিতকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীরা। তাঁদের ভাষ্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারি, ডিলার ও ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ তাঁদের সঙ্গে যথাযথ যোগাযোগ, সমন্বয় কিংবা প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্টদের অংশগ্রহণ নিশ্চিত না করে এ ধরনের কর্মসূচি আয়োজন করলে এর উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, কুলিয়ারচরে ‘উপজেলা পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন’ নামে কোনো সংগঠন রয়েছে বলে তাঁর জানা নেই। সংগঠনটির কেউ এ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। এ কারণে সংগঠনের নেতাদের অবহিত করা সম্ভব হয়নি।
প্রাণিসম্পদ সপ্তাহের মতো খাতসংশ্লিষ্ট কর্মসূচিতে সরকারি দপ্তরের পাশাপাশি স্থানীয় খামারি, ডিলার ও ব্যবসায়ীদের সম্পৃক্ততা কতটা নিশ্চিত করা হয়েছে, তা নিয়েই এখন আলোচনা চলছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও যোগাযোগের ঘাটতি থাকলে ভবিষ্যতে তা দূর করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।