তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে গাজীপুরের কালীগঞ্জে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস কারখানার শ্রমিকরা। নতুন মজুরিকাঠামো নির্ধারণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জে অবস্থিত হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস কারখানার সামনে ব্যানার হাতে নিয়ে শ্রমিকরা আনন্দ প্রকাশ করেন। এ সময় তাঁরা বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
জানা গেছে, গত মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামোর প্রস্তাব গৃহীত হয়। এতে গ্রেডভেদে শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে নির্ধারিত মজুরিকাঠামোর তুলনায় এ বৃদ্ধি ৪ হাজার ৫০০ টাকা থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। আগের কাঠামো অনুযায়ী শ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল।
নতুন মজুরিকাঠামো অনুযায়ী, সিনিয়র অপারেটর বা প্রথম গ্রেডে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৫ টাকা (৪৩ শতাংশ) বৃদ্ধি পেয়ে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।
দ্বিতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ৫ হাজার ৭২৭ টাকা (৪০ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ৫ হাজার ৬৫০ টাকা (৪১ দশমিক ৭০ শতাংশ) বৃদ্ধি পেয়ে নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
এ ছাড়া হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট পদে চতুর্থ গ্রেডের শ্রমিকদের মজুরি ৪ হাজার ৫০০ টাকা (৩৬ শতাংশ) বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ গ্রেডে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।
নতুন বেতন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী শ্রমিকরা ২০২৭ সালের জানুয়ারি মাসে নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পাবেন।
এদিকে বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে শ্রমিকরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে আগের স্বল্প বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। নতুন বেতন কাঠামো কার্যকর হলে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপনে কিছুটা স্বস্তি ফিরবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।