দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুবার সফর স্থগিত হওয়ার পর এবার ছয় ম্যাচের সাদা বলের সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে ভারতীয় দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে সফরটি চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে ভারতের সরকারের অনুমোদন গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
এদিকে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি ভারতের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ভারতীয় দলের। এরপর ২১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা। ফলে বাংলাদেশ সফর নিশ্চিত হলে জিম্বাবুয়ে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে ভারতকে।
দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সফর নিয়ে ইতিবাচক আলোচনা হলেও সরকারি অনুমোদন ও সূচি সমন্বয়ের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ হয়ে আছে। এসব বিষয়ে সমঝোতা হলে জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ভারতীয় দলের আগমন ঘটতে পারে।
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা। ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে স্বাগতিকরা।